ঢাকা: দ্বিতীয় দফায় শাহবাগে ইনকিলাব মঞ্চের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ঢাকা-১৮ আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনিসহ প্রায় ২০ জন আহত হয়ে ঢামেকে এসেছেন। তাদেরকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রথম দফায় হোটেল ইন্টারকন্টিনেন্টাল এর সামনে পুলিশের সাউন্ডগ্রেনেড, টিয়ারসেল ও লাঠিচার্জে অর্ধশতাধিক ইনকিলাব মঞ্চের কর্মীরা আহত হয়। এর প্রতিবাদে সন্ধ্যার দিকে শাহবাগ অবরোধ করে। সেখানে পুলিশের লাঠিচার্জ ও টিয়ারসেল গ্যাসে ঢাকা-১৮ আসনের স্বতন্ত্র প্রাথী মহিউদ্দিন রনিসহ ২৯ জন আহত হয়ে হাসপাতালে আসে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ বলেন, মহিউদ্দিনের লাঠির আঘাত রয়েছে, এ ছাড়া টিয়ারসেল গ্যাসে ইনহেলিসন ইনজুরি হয়েছে। তবে সে স্ট্যাবল আছে। এ ছাড়া বাকিদেরও টিয়ারগ্যাস ও লাঠির আঘাত রয়েছে। তাদের সবারই জরুরি বিভাগে চিকিৎসা চলছে। এখন পর্যন্ত কাউকে ভর্তি দেওয়া হয়নি।
এ বিষয়ে মহিউদ্দিন রনির সহপাঠী ওবায়দুর রহমান সোহান জানান, মহিউদ্দিন রনি পুলিশের লাঠিচার্জে গুরুতর আহত হয়েছেন। তবে তিনি গুলিবিদ্ধ হননি।
শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান সারাবাংলাকে জানান, মহিউদ্দিন রনি আহত হওয়ার বিষয়ে পুলিশের কাছে এখনো কোন তথ্য নেই।