ঢাকা: রাজধানীর পুরান ঢাকার নারিন্দা এলাকার একটি ভবনে এসি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছে। তাদেরকে জাতীয় বার্ন ওই প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সাড়ে ১২টার দিকে আগুনের ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন, মুক্তার ব্যাপারী (৫৫), স্ত্রী সেলিনা বেগম (৪৫), ও ছেলে সেলিম ব্যাপারী (৩৩)।
ফায়ার সার্ভিস সদর দফতর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার জানান, ৫ তলা একটি ভবনের ৩য় তলায় এসি বিস্ফোরণ থেকে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে রওনা হয় ফায়ার সার্ভিস টিম। তবে এর আগেই আগুন নিভে গেছে। কয়েকজন দগ্ধ হয়েছে। তাদেরকে স্থানীয়রাই হাসপাতালে নিয়ে গেছে।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, নারিন্দা থেকে তিনজন দগ্ধ এসেছে। এদের মধ্যে মুক্তার শরীরের ২২ শতাংশ, সেলিনার ৩০ শতাংশ, ও সেলিমের ১০০ শতাংশ দগ্ধ হয়েছে। এদের সবার অবস্থা আশঙ্কাজনক।