ঢাকা: আগামী ২০ রমজানের মধ্যে এক মাসের সমপরিমাণ বোনাস ও বকেয়া বেতন পরিশোধের দাবি জানিয়েছেন পোশাক শ্রমিকরা।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ দাবি জানানো হয়। এ সময় সংগঠনের নেতাকর্মীরা শ্রমিকদের অধিকার নিয়ে নানা বক্তব্য দেন।
বক্তারা বলেন, ‘ঈদের ছুটি নিয়ে শ্রমিকদের জেনারেল ডিউটির নামে অধিক হারে শোষণের পদ্ধতি চালু করেছে মালিকরা। ছুটি নিয়ে মালিকদের এই কারচুপি বন্ধের জন্য সরকারি দফতরকে তৎপর হতে হবে। একই সঙ্গে শেষ সময়ে পূর্ণ বোনাসের বদলে অল্প কিছু টাকা ধরিয়ে দেওয়ার পুরাতন কৌশল থেকে মালিকদের বের হয়ে আসতে হবে।’
সমাবেশ থেকে আগামী ৬ মার্চ পোশাক শ্রমিকদের বকেয়া বেতন ও পূর্ণ ঈদ বোনাস এবং মার্চ মাসের অর্ধেক বেতন পরিশোধের দাবিতে সকল গার্মেন্ট শিল্প এলাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি ঘোষণা করা হয়।
সংগঠনটির সভাপতি অ্যাডভোকেট মন্টু ঘোষের সভাপতিত্বে ও কেন্দ্রীয় কমিটির সদস্য দিলীপ দাসের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান শামীম, সহ-সভাপতি জিয়াউল কবির খোকন, কেন্দ্রীয় নেতা দুলাল সাহা, সহকারী সাধারণ সম্পাদক মঞ্জুর মঈন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাজাহান, কোষাধ্যক্ষ আজিজুল ইসলাম প্রমুখ।