ঢাকা: রাজধানীর সায়দাবাদে বাসের ধাক্কায় তাসলিমা আক্তার (৩৪) নামে ব্যাটারিচালিত রিকশার এক যাত্রী মারা গেছেন।
সোমবার (৩০মার্চ) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সন্ধ্যা সোয়া ৭টার দিকে মৃত ঘোষণা করেন।
তাসলিমার স্বামীর নাম রশিদ আহমেদ বাপ্পি। তিনি বাংলাবাজারে কাজ করেন। তাদের বাসা দক্ষিণ সায়দাবাদে। আর বাবার নাম জয়নাল মাতুব্বর। বংশালে বাবার বাসা।
হাসপাতালে ওই নারীর দেবর মো. নাদিম জানান, বিকেলে বাবার বাসা থেকে ব্যাটারিচালিত রিকশায় করে দক্ষিণ সায়দাবাদে স্বামীর বাসায় ফিরছিলেন তাসলিমা। পথে সায়দাবাদ রেলগেটে পেছন থেকে তিশা পরিবহণের একটি বাস রিকশাটিকে ধাক্কা দেয়। এতে দুমড়ে-মুচড়ে যায় রিকশাটি। তখন গুরুতর আহত হন যাত্রী তাসলিমা ও রিকশা চালক। খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহত তাসলিমাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়। আর পথচারীরা চালককে স্থানীয় কোনো হাসপাতালে নিয়ে যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি যাত্রাবাড়ী থানা পুলিশকে অবহিত করা হয়েছে ।