ঢাকা: সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে মিথ্যা ও বানোয়াট সংবাদ ছড়ানোর অভিযোগ তুলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশনের শ্রমিক-কর্মচারীরা।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন জাতীয় শ্রমিক-কর্মচারী ইউনিয়ন আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এ দাবি জানানো হয়।
সংস্থার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, ইসলামিক ফাউন্ডেশনের কিছু কর্মকর্তা বিভিন্ন পত্রিকায় মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।
এ সময় বক্তারা আরও বলেন, জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী অনেক কর্মকর্তা-কর্মচারীকে প্রত্যন্ত অঞ্চলে বদলি করা হয়েছে। তাদের পুনরায় স্ব স্ব পদে পদায়নের জন্য সংস্থার মহাপরিচালকের প্রতি অনুরোধ জানানো হয়।
প্রায় ৫ শতাধিক কর্মচারীর উপস্থিতিতে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি ও জাতীয়তাবাদী শ্রমিকদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম. এ. বারী।