Sunday 05 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকার বাতাস অস্বাস্থ্যকর, শীর্ষে থাইল্যান্ডের চিয়াং মাই

সিনিয়র করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২৬ ১০:৫৯ | আপডেট: ৫ এপ্রিল ২০২৬ ১২:২৯

ঢাকা: বিশ্বের বিভিন্ন জনবহুল মেগাসিটিতে বায়ুদূষণ এখন এক নিয়মিত সংকট হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘ সময় ধরেই এই তালিকায় প্রথম সারিতে অবস্থান করছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সম্প্রতি এই শহরের বায়ুদূষণের মাত্রা বেশ ওঠানামা করছে। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের (IQAir) সর্বশেষ তথ্য অনুযায়ী, আজ রোববার সকালে ঢাকা শহর বায়ুদূষণের তালিকায় বিশ্বের ষষ্ঠ অবস্থানে উঠে এসেছে। বৈশ্বিক এই তালিকায় আজ দূষণের শীর্ষে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই।

রোববার (৫ এপ্রিল) সকালে ঢাকার বায়ুমানের স্কোর রেকর্ড করা হয়েছে ১৫৩, যা জনস্বাস্থ্যের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। পরিসংখ্যানে দেখা যাচ্ছে, গত দুই দিনের তুলনায় আজ ঢাকার বাতাসের মান খারাপ হয়েছে। গতকাল শনিবার (৪ এপ্রিল) ঠিক একই সময়ে এই শহরের বায়ুমান স্কোর ছিল ১০৮। এর আগে শুক্রবার (৩ এপ্রিল) এই স্কোর ছিল ১২৩। অর্থাৎ গত কয়েক দিনের ধারাবাহিকতায় আজ দূষণের মাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

বিজ্ঞাপন

দূষণের শীর্ষে অবস্থান করা থাইল্যান্ডের চিয়াং মাই এর স্কোর ১৯৬। দ্বিতীয় অবস্থানে থাকা ইরাকের বাগদাদের স্কোর ১৮০। এরপরেই ১৭৫ স্কোর নিয়ে কুয়েতের কুয়েত সিটি তৃতীয় এবং ১৬৬ স্কোর নিয়ে ভিয়েতনামের হেনোয়ে চতুর্থ অবস্থানে রয়েছে।

দক্ষিণ এশিয়ার অন্যান্য শহরের মধ্যে ভারতের দিল্লির বায়ুমান স্কোর ১৫৬, যা বৈশ্বিক তালিকায় পঞ্চম স্থানে রয়েছে। তবে ভারতের আরেক মেগাসিটি মুম্বাইয়ের অবস্থা তুলনামূলক ভালো; ৭১ স্কোর নিয়ে শহরটি তালিকার ৩২তম অবস্থানে রয়েছে। এদিকে পাকিস্তানের লাহোর ১২২ স্কোর নিয়ে তালিকার ১৩তম অবস্থানে এবং করাচি ১০২ স্কোর নিয়ে ১৮তম অবস্থানে রয়েছে। এই দুই শহরের বায়ুমানকে বিশেষ করে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর মনে করা হচ্ছে।

বায়ুমানের সূচক অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে তা ‘ভালো’ হিসেবে ধরা হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে ‘মাঝারি’ এবং ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। স্কোর ১৫১ থেকে ২০০-এর মধ্যে থাকলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলা হয়। বর্তমানে ঢাকার বায়ু এই স্তরেই অবস্থান করছে। এ ছাড়া স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকলে তাকে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচনা করা হয়, যা সাধারণ মানুষের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। বিশেষ করে বাতাসের মান খুব অস্বাস্থ্যকর বা ঝুঁকিপূর্ণ হলে শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকা এবং অন্যদের ঘরের বাইরের কার্যক্রম সীমিত করার পরামর্শ দেওয়া হয়ে থাকে।

সারাবাংলা/এফএন/এএ
বিজ্ঞাপন

জাতীয় সংসদের অধিবেশন শুরু
৫ এপ্রিল ২০২৬ ১৬:৩০

আরো

সম্পর্কিত খবর