ঢাকা: বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষ্যে বরাবরের মতো ঐতিহ্যবাহী আয়োজন নিয়ে হাজির হচ্ছে ছায়ানট। রমনা বটমূলে থাকছে বর্ষবরণসহ নানা আয়োজন।
রোববার (১২ এপ্রিল) বিকেলে ধানমন্ডিতে সংগঠনটির সংস্কৃতি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত কর্মসূচি তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নতুন বছরের প্রথম প্রভাতে রাজধানীর রমনা উদ্যানে অনুষ্ঠিত হবে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান। ভোর সোয়া ৬টায় শুরু হওয়া এ আয়োজনে সম্মেলক ও একক গান, আবৃত্তি এবং দেশপ্রেম ও লোকজ সুরের পরিবেশনা থাকবে। এবারের অনুষ্ঠানে বিশেষভাবে স্মরণ করা হবে গণসঙ্গীতের প্রখ্যাত ব্যক্তিত্ব সলিল চৌধুরী এবং গীতিকার সুরকার মতলুব আলীকে।
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, ধর্ম, বর্ণ, শ্রেণি নির্বিশেষে বাঙালির সর্ববৃহৎ উৎসব পহেলা বৈশাখ উদযাপনের মাধ্যমে মানবতা, সাম্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য। বৈশ্বিক অস্থিরতা ও সংঘাতের প্রেক্ষাপটে বিশ্বজুড়ে শান্তি, কল্যাণ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার প্রত্যাশাও ব্যক্ত করা হয়।
প্রায় দুইশো শিল্পীর অংশগ্রহণে সাজানো এ অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), দীপ্ত টিভি, চ্যানেল আইসহ বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও অনলাইন প্ল্যাটফর্মে সরাসরি ও বিলম্বিতভাবে সম্প্রচার করা হবে। এ ছাড়া ছায়ানটের ইউটিউব ও ফেসবুক পেইজ থেকেও অনুষ্ঠানটি দেখা যাবে।
অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণপূর্ত অধিদফতরসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সহযোগিতা দিচ্ছে বলে জানানো হয়। মঞ্চসজ্জায় দায়িত্ব পালন করছেন ছায়ানটের প্রাক্তনী দুই শিল্পী।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সংগঠনের সভাপতি ডা. সারওয়ার আলী, সহ-সভাপতি খায়রুল আনাম শাকিল ও পার্থ তানভীর নভেদ, সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসাসহ আরও অনেকেই।