Monday 02 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লোহাগাড়ায় জনসভাস্থল লোকে লোকারণ্য, জামায়াত আমিরের অপেক্ষা

স্পেশাল করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:২৪ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৫৭

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নির্বাচনি জনসভার কার্যক্রম শুরু হয়েছে। আমির মঞ্চে হাজিরের আগেই জনসভাস্থল লোকে লোকারণ্য হয়ে পড়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে লোহাগাড়া উপজেলার পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় মাঠে জনসভার কার্যক্রম শুরু হয়েছে। দুপুর আড়াইটায় জনসভাস্থলে পৌঁছে জামায়াতের আমিরের জনসভায় বক্তব্য রাখার কথা আছে।

সকাল থেকেই পদুয়ার জনসভাস্থলে দলে দলে জামায়াতে ইসলামীর নেতাকর্মী, সমর্থকরা ভিড় করতে শুরু করেন। রঙ-বেরঙের দাঁড়িপাল্লা প্রতীক বানিয়ে সেগুলো নিয়ে মিছিল করে নেতাকর্মীরা হাজির হয়েছেন সেখানে।

বিজ্ঞাপন

মঞ্চে উপস্থিত আছেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের জামায়াত মনোনীত ১১ দলীয় জোটের প্রার্থী শাহজাহান চৌধুরীসহ দক্ষিণ চট্টগ্রামের নেতারা। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জনসভার কার্যক্রম শুরু হয়। এরপর স্থানীয় নেতারা একে একে বক্তব্য দিচ্ছেন।

সাতকানিয়া, লোহাগাড়া, বাঁশখালীসহ দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে জনসভায় হাজির হন। বেলা গড়াতেই জনসভার মাঠে উপচে পড়া ভিড় তৈরি হয়েছে।

চট্টগ্রাম অঞ্চলে নির্বাচনি প্রচারে অংশ হিসেবে আজ বেলা পৌনে ১২টায় হেলিকপ্টারে কক্সবাজারের মহেশখালী পৌরসভার গোরকঘাটা আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে পৌঁছান জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। সেখান থেকে সড়কপথে গিয়ে বড় মহেশখালী ইউনিয়নের নতুন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের জনসভায় তিনি বক্তব্য দেন।

মহেশখালী থেকে তিনি আবারও হেলিকপ্টারে কক্সবাজার শহরে গিয়ে বাহারছড়ায় বীর মুক্তিযোদ্ধা মাঠে দ্বিতীয় জনসভায় বক্তব্য দেবেন। এরপর হেলিকপ্টারে যাবেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার জনসভায়। এরপর সীতাকুণ্ড ও চট্টগ্রাম নগরীতে আরও দুটি জনসভার কার্যক্রম শেষ করে রাতে তিনি ঢাকায় ফিরে যাবেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর