Tuesday 03 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্কপের চট্টগ্রাম বন্দর অবরোধ, নৌ উপদেষ্টার পদত্যাগ দাবি

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৩৭

স্কপের চট্টগ্রাম বন্দর অবরোধ কর্মসূচি। ছবি: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধের দাবিতে চট্টগ্রাম বন্দর অবরোধ কর্মসূচি পালন করেছে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। এ সময় অনুষ্ঠিত সমাবেশ থেকে শান্তিপূর্ণ উপায়ে চট্টগ্রাম বন্দরের অচলাবস্থা নিরসনে ব্যর্থ হওয়া এবং শ্রমিক-কর্মচারীদের হয়রানির অভিযোগে নৌপরিবহণ মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনের পদত্যাগ দাবি করেছে সংগঠনটি। একইসঙ্গে বিডা চেয়ারম্যান ও বন্দর চেয়ারম্যানের অপসারণও দাবি করা হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১ টা থেকে বন্দরের অন্যতম প্রবেশমুখ এছাক কনটেইনার ডিপোর সামনে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি শুরু করেন স্কপের নেতাকর্মীরা। বন্দরের আরেক প্রবেশমুখ সিম্যান্স হোস্টেলের সামনেও বিক্ষোভ মিছিল করেন তারা।

বিজ্ঞাপন

এছাক ডিপোর সামনে অবরোধ চলাকালে সেখানে গিয়ে একাত্মতা প্রকাশ করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মোহাম্মদ শাহআলম। সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘নির্বাচনের বাকি আর মাত্র সপ্তাহখানেক। এরপর নিয়ম অনুযায়ী সরকারের বিদায় নেওয়ার কথা। কিন্তু সরকার এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার জন্য এত মরিয়া হয়ে উঠেছে কেন ? কার স্বার্থে, কিসের আশায় সরকার এত মরিয়া হয়েছে, আমর জানতে চাই। আবার আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি করছে। একটি অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকারকে এ দায়িত্ব কে দিয়েছে ?’

শাহআলম বলেন, ‘এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকে চব্বিশের গণঅভ্যুত্থানের চেতনা জলাঞ্জলি দিয়ে নানা কর্মকাণ্ড করছে, যার সবই আমেরিকার স্বার্থে। জনগণকে অন্ধকারে রেখে এই সরকার দেশবিরোধী নানা চুক্তি, নানা পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছে। এটা ভবিষ্যৎ নির্বাচিত সরকারের জন্য একটা মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়াবে। আমরা সরকারকে বলতে চাই, আপনি একটা বিশ্বাসযোগ্য নির্বাচন দিয়ে চলে যান। আপনি করিডোর দেবেন, আমেরিকাকে বন্দর দেবেন, ট্যারিফ চুক্তি করবেন, বাংলাদেশের জনগণ আপনার কাছে এগুলো দাবিও করেনি, প্রত্যাশাও করে না।’

সমাবেশে স্কপ নেতা ট্রেড ইউনিয়ন কেন্দ্র, চট্টগ্রাম জেলার সভাপতি তপন দত্ত বলেন, ‘স্কপ, টিইউসিসহ বন্দরের শ্রমিক-কর্মচারীরা এনসিটি ইজারা না দেওয়ার দাবিতে গত সাত মাস ধরে ধারাবাহিক আন্দোলন করে আসছিল। এনসিটি ইজারা না দেওয়ার যৌক্তিকতা বারবার তুলে ধরা হয়েছে। কিন্তু অন্তর্বর্তী সরকার এবং বন্দর কর্তৃপক্ষ কোনো কথা গ্রাহ্য না করে শ্রমিক-কর্মচারীদের আন্দোলনের দিকে ঠেলে দিয়েছে। তারা কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছেন। আমরা আন্দোলনকারী শ্রমিক-কর্মচারীদের পাশে দাঁড়িয়ে অবরোধের ডাক দিয়েছি।’

‘বন্দর কর্তৃপক্ষ ইচ্ছে করলে আন্দোলনকারীদের ডেকে তাদের সঙ্গে বসতে পারতেন। কিন্তু আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের উদ্যোগ না নিয়ে তারা বরং দমন-পীড়ন ও ভয়ভীতি প্রদর্শনের পথ বেছে নিয়েছে। শ্রমিকদের গণবদলি শুরু করেছে। বদলি করা শ্রমিকদের আইডি নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। এসব হয়রানি বন্ধ না হলে এবং এনসিটি ইজারা প্রক্রিয়া বাতিলের ঘোষণা না দিলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যাব।’

সমাবেশ থেকে দুর্নীতি ও কমিশন বাণিজ্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগ এনে বন্দর চেয়ারম্যান ও বিডা চেয়ারম্যানকে অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। পাশাপাশি বন্দর সমস্যার সমাধানে ব্যর্থতার দায় স্বীকার করে নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টাকে পদত্যাগের আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সভাপতি এস কে খোদা তোতনের সভাপতিত্বে এবং টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন- বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার, বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক ইব্রাহিম হোসেন খোকন ও হুমায়ুন কবির, ডক শ্রমিক দলের সভাপতি মো. হারুন ও সাধারণ সম্পাদক তসলিম হোসেন সেলিম, জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি সোহাগ হোসেন, মার্চেন্ট শ্রমিক নেতা ইয়াছিন রেজা রাজু, লেসিং-আনলেসিডিং শ্রমিক ইউনিয়ন নেতা মো. ইকবাল, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) নেতা বাবুল হোসেন আনিস এবং বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুর রহিম।

বিজ্ঞাপন

হালদায় ভেসে এলো মৃত ডলফিন
৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:০৫

কারাবন্দিদের ভোটগ্রহণ শুরু
৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৪২

আরো

সম্পর্কিত খবর