চট্টগ্রাম: চট্টগ্রামের লোহাগাড়ায় পরিবেশ অধিদফতরের ছাড়পত্র না থাকায় পাঁচটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) পরিবেশ অধিদফতর চট্টগ্রাম জেলা কার্যালয় এবং সদর দফতরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম।
অভিযানে চরম্বা ইউনিয়নের মাইজবিলা এলাকার মেসার্স শাহ জব্বারিয়া ব্রিকস ম্যানুফ্যাকচারার, মেসার্স বিসমিল্লাহ ব্রিকস, একই ইউনিয়নের নোয়ারবিলা এলাকার চরম্বা রহমানিয়া ব্রিকস, রাজঘাটা এলাকার মেসার্স ইসলাম ব্রিকস ম্যানুফ্যাকচারার এবং মেসার্স শাহ মজিদিয়া ব্রিকসকে ৬ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম জানান, বায়ুদূষণ প্রতিরোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এই অভিযান চালানো হচ্ছে। বিভিন্ন অনিয়মের অভিযোগে এই ৫টি ইটভাটায় জরিমানা করা হয়েছে এবং বায়ুদূষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এ সময় পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মোজাহিদুর রহমান, রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন, পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দিন ফয়সালসহ র্যাব, পুলিশ, আনসার এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উপস্থিত ছিলেন।