চট্টগ্রাম: জেলার লোহাগাড়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নাছিবুর রহমান (৪৮) নামের এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আতিকুল হক চৌধুরী (৪০) নামে আরেক আরোহী গুরুতর আহত হন।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আধুনগর ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কিছুক্ষণের জন্য চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
নিহত নাছিবুর রহমান নাছিরের গ্রামের বাড়ি ফরিদপুর জেলায় । বর্তমানে তিনি ঢাকায় ভাড়া বাসায় থাকতেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারমুখী একটি বাইক গ্যাস সিলিন্ডারবাহী একটি কাভার্ডভ্যানকে ওভারটেক করতে গিয়ে বিপরীতমুখী আরেকটি বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ছিটকে পড়া বাইক আরোহী ঘটনাস্থলেই মারা যায়। অপর বাইক আরোহীকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাহ উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে সারাবাংলাকে বলেন, ‘ঘটনাস্থল থেকে পুলিশ একজনের মরদেহ উদ্ধার করেছে। আরেকজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’
তিনি জানান, এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। সব প্রক্রিয়া সম্পন্ন হলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।