চট্টগ্রাম: আনোয়ারা উপজেলায় নিজ বসতঘরে ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় নুরতাজ আক্তার (১৬) নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই কিশোরী আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।
নিহত নুরতাজ আক্তার উপজেলার ৯ নম্বর পরৈকোড়া ইউনিয়নের কৈখাইন গ্রামের আজাদুল ইসলামের মেয়ে। দুই ভাই ও দুই বোনের মধ্যে সে ছিল সবার বড়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নুরতাজের মা শাহনাজ বেগম বাড়ি থেকে বের হয়ে একটি কাজে যান। কাজ সেরে তিনি ঘরে এসে দেখেন নুরতাজের মরদেহ সিলিং ফ্যানে ঝুলছে। পরে স্থানীয় জনপ্রতিনিধি এবং পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুনায়েত চৌধুরী সারাবাংলাকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’