Wednesday 08 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পেটে ছাদের রড ঢুকে মাদরাসা ছাত্রের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২৬ ১০:৪৭

মাশরুর ওয়াসিফ রায়ান।

চট্টগ্রাম: চট্টগ্রামের মীরসরাইয়ে পেটে ছাদের রড ঢুকে মাশরুর ওয়াসিফ রায়ান (৯) নামের এক মাদরাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) ছাদের রেলিংয়ে দাঁড়িয়ে আম পাড়ার সময় অসাবধানতাবশত পেছনে রডের উপর পড়ে গেলে তার পেটে রড ঢুকে যায়। আহত অবস্থায় তাকে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন

নিহত মাশরুর ওয়াসিফ রায়ান মীরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নের সুফিয়া নুরিয়া ফাজিল মাদরাসা পার্শ্ববর্তী হাজী বদরুল আলমের বাড়ির মুসলিম উদ্দিনের বড় ছেলে। সে সুফিয়া নুরিয়া ফাজিল মাদরাসার তৃতীয় শ্রেণীর ছাত্র।

বিজ্ঞাপন

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে ভবনের ছাদের রেলিংয়ের দাঁড়িয়ে আম পাড়ার চেষ্টা করছিলো মাশরুর ওয়াসিফ রায়ান। আম পাড়া চেষ্টার এক পর্যায়ে অসাবধানতাবশত রেলিং থেকে পা ছিটকে ভবনের ছাদের কলামের রডের ওপর পড়লে তার পেটে রড় ঢুকে যায়।

মিঠাছড়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাসুদুল করিম জানান, সন্ধ্যার দিকে মাশরুর ওয়াসিফ রায়ান নামে একটা শিশুকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তার পায়ুপথ হয়ে পটে রড ঢুকে যায় বলে জানায় পরিবারের লোকজন। তাৎক্ষণিক আমরা তার ইসিজিতে কোনো হার্ডবিট না পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করি।

মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাফায়েত বিষয়টি নিশ্চিত করে সারাবাংলাকে বলেন, জরুরি বিভাগে একটি শিশুকে নিয়ে আসা হয়। তার পায়ুপথ হয়ে পেটে রড ঢুকার আলামত রয়েছে। হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

সারাবাংলা/এসএন/ইআ