চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি গুদামে ওয়েল্ডিং কাজ করার সময় টিনের চাল ধসে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়া বক্তারপাড়া এলাকায় সাগর উপকূলে অবস্থিত ‘অল ট্রেড ইন্টারন্যাশনাল’(ছাই ফ্যাক্টরি) নামের একটি গুদাম কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- মো. ফারুক (৩২) ও মো. জহির (৩৫)। ফারুকের বাড়ি নোয়াখালী ও জহিরের বাড়ি কুমিল্লা জেলায় বলে জানিয়েছেন স্থানীয়রা।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মোহাম্মদ জাফর জানান, দুপুরে ৫-৬ জন শ্রমিক গোডাউনে এসে ওয়েল্ডিং মেশিন দিয়ে একটি টিনের চালের সংস্কার কাজ করছিলেন। কাজের এক পর্যায়ে হঠাৎ বেড়াটি এঙ্গেল ভেঙে নিচে পড়ে যায়। এতে ওই চালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই শ্রমিক ফারুক ও জহির মারা যান। পরে অন্য শ্রমিকরা বাহির থেকে ক্রেন এনে চালের চাপা থেকে দুই শ্রমিকের দেহ উদ্ধার করে চমেকে নিয়ে যান।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বারআউলিয়ায় দুর্ঘটনাস্থল থেকে দুই শ্রমিককে নিয়ে আসলে দেখা যায় তারা দুজনেই মৃত। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’