চট্টগ্রাম: চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দ্রুতগতির প্রাইভেটকার দুর্ঘটনায় সামিয়া জাহান তানিশা নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে নগরীর আগ্রাবাদ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার ফ্লাইওভারের দেয়ালে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সামিয়া জাহান তানিশা চট্টগ্রামের হাজেরা-তজু ডিগ্রি কলেজের স্নাতক (অনার্স) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া আইডি কার্ড থেকে তার পরিচয় শনাক্ত করা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দ্রুতগতির একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের পাশে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটির সামনের বাম্পার ও চাকা বিচ্ছিন্ন হয়ে যায়। গাড়িতে থাকা এক যুবক ও তানিশাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথেই তানিশার মৃত্যু হয়। আহত যুবক চিকিৎসাধীন রয়েছেন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইন চার্জ) নুরুল আলম আশেক বলেন, ‘সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় ওই তরুণীকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
বন্দর থানার এসআই নাজমুল বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতির কারণেই চালক গাড়ির নিয়ন্ত্রণ হারান এবং এ দুর্ঘটনা ঘটে।’