চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় ১৫ নম্বর ঘাট এলাকা থেকে পাঁচ লাখ পিস ইয়াবাসহ ৯ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় তাদের আটক করা হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৭’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন।
আটককৃতদের মধ্যে পাঁচজন রোহিঙ্গা। রোহিঙ্গারা হলেন—সৈয়দ আলম (৪৫) , সুলতান আহম্মদ (৫৫), মো. ইউসুফ (৪৫), মো. কাসিম (৩০) ও মো. ইসমাইল(৪০)। অন্যান্যরা হলেন—শাহ আলম (৩৫), আজম উল্লাহ (৫৭), মো. ফারুক (২৫) ও ছানাউল্লাহ (৫৭)।
র্যাব-৭’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, কক্সবাজার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক নিয়ে বিক্রির জন্য কয়েকজন চট্টগামের পতেঙ্গার দিকে আসছে—এমন খবর পেয়ে গতকাল সন্ধ্যায় পতেঙ্গার ১৫ নম্বর ঘাট এলাকায় অভিযানে যায় র্যাবের একটি দল। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে তারা ফিশিং বোট থেকে কৌশলে পালানোর সময় নয়জনকে আটক করা হয়। পরে ওই বোটে তল্লাশি চালিয়ে ইঞ্জিনরুম থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ১৫ কোটি টাকা।
তিনি আরও জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলার সীমান্ত এলাকা থেকে কম দামে ইয়াবা কিনে বেশি মুনাফা লাভের আশায় ফিশিং বোটযোগে (ট্রলার) চট্টগ্রাম জেলা ও নগরীর বিভিন্ন এলাকায় এনে বিক্রি করে আসছিল।
আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে র্যাব।