Tuesday 19 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদুল আজহায় চবি শিক্ষার্থীদের জন্য ফ্রি বাস চায় চাকসু

চবি করেসপন্ডেন্ট
১৯ মে ২০২৬ ২২:৪২

চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের ঈদুল আজহা উপলক্ষ্যে বাড়ি ফেরা সহজ ও নিরাপদ করতে বিভাগীয় শহরগুলোতে ফ্রি বাস সার্ভিস চালুর দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নেতারা।

মঙ্গলবার (১৯ মে) বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিনের কাছে স্মারকলিপি দেন চাকসুর যোগাযোগ ও আবাসন সম্পাদক মো. ইসহাক ভূঁঞা।

স্মারকলিপি দেওয়ার পর চাকসুর যোগাযোগ ও আবাসন সম্পাদক মো. ইসহাক ভূঁঞা বলেন, ‘প্রতি বছর ঈদকে কেন্দ্র করে গণপরিবহনে টিকিট সংকট তীব্র আকার ধারণ করে। ফলে শিক্ষার্থীদের বাড়ি ফিরতে চরম ভোগান্তির মুখে পড়তে হয়। বিশেষ করে ছাত্রী এবং দূরদূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত টিকিট পাওয়া ও অতিরিক্ত ভাড়া বহন করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘বর্তমান সময়ে যানজট ও পথে নানা ধরনের ভোগান্তির আশঙ্কায় শিক্ষার্থীরা উদ্বিগ্ন। শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময়ভাবে বাড়ি ফেরা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় বিভাগীয় শহরগুলোতে বিশেষ ফ্রি বাস সার্ভিস চালুর দাবি জানিয়েছি।’

এসময় চাকসুর জিএস সাঈদ বিন হাবিব এবং সহ-যোগাযোগ ও আবাসন সম্পাদক ওবাইদুল সালমান উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমআর/এসএস