চট্টগ্রাম: ঈদের রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় মাহিন্দ্রার (থ্রি-হুইলার) তিন যাত্রী নিহত হয়েছেন । এ সময় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।
বৃহস্পতিবার (২৮ মে) রাত ৯ টার দিকে পটিয়া ভেল্লাপাড়া ব্রিজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় ও পথচারীরা ঘটনাস্থল থেকে আহতদের দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পটিয়া হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়কের ক্রসিং এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঈগল পরিবহনের দ্রুতগামী যাত্রীবাহী একটি বাস ও পটিয়া থেকে ছেড়ে আসা মইজ্জ্যারটেক অভিমুখী মাহিন্দ্রাকে ধাক্কা দেয়। এতে ভয়াবহ মাহিন্দ্রাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই যানটির তিন যাত্রী প্রাণ হারান।
খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পটিয়া হাইওয়ে পুলিশ ও কর্ণফুলী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। এ সময় তারা আহত ২০ জনকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এদিকে দুর্ঘটনার পর মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। হাইওয়ে পুলিশ বাস ও মাহিন্দ্রাটি জব্দ করেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পটিয়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুনুর রশিদ।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, ‘রাতে ৯টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ক্রসিং এলাকায় ঈগল পরিবহনের যাত্রীবাহী একটি বাস একটি লেগুনাকে ধাক্কা দেয়। এতে অন্তত ২০ যাত্রী আহত হন। আহতদের মধ্যে ১৫ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন। বাকি ১২ জনকে ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। আহতদের অবস্থা গুরুতর। এখন পর্যন্ত হতাহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।’