চট্টগ্রাম: চট্টগ্রামের সাতকানিয়ায় চোর সন্দেহে গণপিটুনিতে মো. সেলিম (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।
বৃহস্পতিবার (২৮ মে) রাতে উপজেলার চরতী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খতিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সেলিম একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আবুল খায়েরের ছেলে। আহতরা হলেন- মো. মামুন (৩২) ও সৈয়দ হোসেন (৪০)।
এ ঘটনায় নিহতের বাবা আবুল খায়ের বাদী হয়ে ২৯ জনের নাম উল্লেখ করে সাতকানিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ মামলার এজাহারভুক্ত আসামি মো. ইসমাঈল প্রকাশ ইমনকে (২৮) গ্রেফতার করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের দিন সকালে দুই ব্যক্তিকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পালটাধাওয়ার ঘটনা ঘটে। সন্ধ্যার দিকে কয়েকশ’ মানুষ চোর-ডাকাত নেমেছে জানিয়ে চরতী ইউনিয়নের খতিরহাট এলাকার একটি বাসা ঘেরাও করে সেলিম ও তার সহযোগীদের গণপিটুনি দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সেলিম মারা যান।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘চোর সন্দেহে সেলিম নামে এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ওই মামলায় এজাহারভুক্ত আসামি মো. ইসমাঈল প্রকাশ ইমনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের অভিযান চলছে।’
তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে সেলিমের বিরুদ্ধে থানায় একটি মামলা পাওয়া গেছে। মাদকসহ অন্যান্য মামলা রয়েছে কি না তা খুঁজে দেখা হবে। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’