চট্টগ্রাম: ‘ত্যাগের চেতনায় সমতার উৎসব’— এই বিশ্বাসকে বুকে ধারণ করে চট্টগ্রাম সিটি করপোরেশন ও বিদ্যানন্দ ফাউন্ডেশন যৌথভাবে আয়োজন করেছিল পথশিশু ও ছিন্নমূল বস্তিবাসীদের জন্য দিনব্যাপী হৃদয়ছোঁয়া ‘ঈদ আনন্দ আয়োজন’।
হাজারো শিশুর মুখে হাসি ফোটাতে ছিল নানা রাইডস, আনলিমিটেড আপ্যায়ন, আর দিন শেষে মন ছুঁয়ে যাওয়া ‘গানের আয়োজন’—যেখানে আনন্দ আর ভালোবাসা মিলেমিশে তৈরি করেছে এক অনন্য উৎসব।
শুক্রবার (২৯ মে) বেলা সাড়ে ১১ টায় এই মানবিক উদ্যোগের শুভ উদ্বোধন করেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। এ সময় তিনি বলেন ‘কাউকে পেছনে ফেলে নয়— এই প্রত্যয়ে আমরা বিশ্বাস করি, ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন তা সবার মাঝে ছড়িয়ে পড়ে।’
তাই এই ভালোবাসার গল্প, এই মানবতার উৎসব সবাইকে প্রতিবেশীর পাশে দাঁড়াতে তিনি আহবান জানান। অনুষ্ঠানে শতাধিক শিশুদের মাঝে মেয়র সালামি প্রদান করেন এবং এতিম শিশুদের সঙ্গে খাবার গ্রহন করেন।
বিদ্যানন্দ ফাউন্ডেশনের ডিরেক্টর জামাল উদ্দিন বলেন, ‘প্রতিবছর ঈদ আমাদের কাছে হাজির হওয়ার কথা সাম্য, সম্প্রীতি ও ত্যাগের বারতা নিয়ে। কিন্তু বর্তমান সময়ে ঈদসহ বিভিন্ন উৎসবে যেন বাধা-ব্যবধান বেড়েই চলেছে। কারও নুন আনতে পান্তা ফুরায়। কেউ ঈদ বাজারসহ বিভিন্ন অনুষ্ঠানে হাজার হাজার টাকা উড়ায়। ঈদ আসলেই ধনী-গরিবের বৈষম্য নগ্নভাবে প্রকাশিত হয়ে পড়ে আমাদের সমাজে।’
তিনি জানান, পরিবারের সদস্যদের মুখের অন্ন জোগাতেই যারা হিমশিম খাচ্ছেন ঈদ এলে তাদের পরিবারে নেমে আসে বিষাদের ছায়া। তাদের নিঃশব্দ কাতর চোখ কোনো সাহায্য প্রার্থনা করে না, তারা চায় সামাজিক সম্মান ও আত্নমর্যাদা। তাদের সেই সামাজিক সম্মান ও আত্নমর্যাদা নিশ্চিত করতেই আজকের এই আয়োজন।