চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বন্দরে সাম্প্রতিক আন্দোলনে অন্যতম নেতৃত্বদাতা মো. ইব্রাহীম খোকনকে আটক করা হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে নগরীর বন্দর এলাকা থেকে তাকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ জানান, র্যাবের একটি দল তাকে আটক করে বন্দর থানায় হস্তান্তর করেছে।
আটক ইব্রাহিম খোকন চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের অন্যতম সমন্বয়ক। তিনি বিএনপিপন্থী বন্দর শ্রমিক দলের নেতা।
ইব্রাহিম খোকনকে আটকের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। সংগঠনটির নেতারা অভিযোগ করেছেন, প্রশাসন শান্তিপূর্ণ সমাধানের পরিবর্তে শ্রমিক-কর্মচারীদের সাংঘর্ষিক পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। তারা পরিকল্পিতভাবে বন্দর পরিস্থিতি উত্তপ্ত করার উসকানি দিচ্ছে।
স্কপভুক্ত সংগঠনগুলোর মধ্যে বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এএম নাজিম উদ্দিন ও সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার, জেলা টিইউসির সভাপতি তপন দত্ত, স্কপের জেলা সমন্বয়ক এস কে খোদা তোতন ও ইফতেখার কামাল খান, ট্রেড ইউনিয়ন সংঘের সভাপতি খোরশেদুল আলম, বিএফটিইউসির সভাপতি কাজী আনোয়ারুল হক হুনি, বিএলএফের সভাপতি নুরুল আবসার তৌহিদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের নেতা হেলাল উদ্দিন কবির ও বাংলাদেশ জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক জাহেদ উদ্দিন শাহিন এক যৌথ বিবৃতিতে ইব্রাহিম খোকনের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন।
উল্লেখ্য, নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) সংযুক্ত আরব-আমিরাতের প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধের দাবিতে ‘চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের’ ডাকে গত ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন ৮ ঘন্টা করে তিনদিন কর্মবিরতির পর ৩ ফেব্রুয়ারি ২৪ ঘণ্টা কর্মবিরতি পালন করেন শ্রমিক-কর্মচারীরা। ৪ ফেব্রুয়ারি সকাল থেকে তারা অনির্দিষ্টকালের কর্মসূচি শুরু করেন। এতে চট্টগ্রাম বন্দর পুরোপুরি অচল হয়ে পড়ে। সবধরনের অপারেশনাল কার্যক্রমের পাশাপাশি বন্দরে জাহাজ আসা-যাওয়া বন্ধ হয়ে যায়।
এর মধ্যে আন্দোলনকারীদের নেতা ইব্রাহিম খোকন ও হুমায়ুন কবীরসহ ১৫ কর্মচারীকে বদলির আদেশ দেয় বন্দর কর্তৃপক্ষ। এতে আন্দোলন আরও জোরদার হয়। এ অচলাবস্থার মধ্যে ৫ ফেব্রুয়ারি চট্টগ্রাম বন্দর ভবনে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করেন নৌপরিবহণ উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। বৈঠকে শ্রমিক-কর্মচারীদের চার দফা দাবি নিয়ে উপদেষ্টার আশ্বাসের প্রেক্ষিতে কর্মবিরতি ৪৮ ঘণ্টার জন্য স্থগিত করা হয়। ৬ ফেব্রুয়ারি সকাল থেকে তারা কাজে যোগ দেন। কিন্তু সেদিনই ১৫ কর্মচারীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ও দুর্নীতি দমন কমিশনকে (দুদক) তাদের সম্পদ অনুসন্ধানের জন্য চিঠি দেয় বন্দর কর্তৃপক্ষ।
এতে আন্দোলনকারীরা আরও ক্ষুব্ধ হন। তারা ৮ ফেব্রুয়ারি সকাল থেকে আবারও লাগাতার ধর্মঘট শুরু করেন। এ অবস্থায় অন্তর্বর্তী সরকারের আমলে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা দেওয়ার চুক্তি হবে না বলে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী ঘোষণা দেন।
এ ঘোষণার পর ধর্মঘট এক সপ্তাহের জন্য স্থগিত করে শ্রমিক-কর্মচারীরা আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল থেকে কাজে যোগ দেন। কিন্তু এর মধ্যে পুলিশ পাঁচ কর্মচারীকে গ্রেফতার করে। এ ছাড়া, বদলি হওয়া ১৫ কর্মচারীর সরকারি বাসার বরাদ্দ বাতিল করে বন্দর কর্তৃপক্ষ।