সাতক্ষীরা: সাতক্ষীরায় সেনাবাহিনীর পরিচয় দেওয়া এক ভুয়া গোয়েন্দাকে আটক করেছে সেনাবাহিনীর একটি দল। এ সময় ককটেল ও গুলি উদ্ধার হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সাতক্ষীরা সদর আর্মি ক্যাম্পের মেজর মুশফিক আহমেদ এ কথা জানান। এর আগে, মঙ্গলবার দিবাগত রাতে শহরের তালতলা ঈদগাহ এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ভুয়া গোয়েন্দার নাম মো. আবু মুসা (৩৫)। তিনি সাতক্ষীরা সদরের রসুলপুর এলাকার রেজাউল সরদারের ছেলে।
মেজর মুশফিক আহমেদ জানান, আবু মুসা মোবাইলে সাতক্ষীরার ছাত্র সমন্বয়ক মো. নাজমুল হোসাইন রনিকে জানান, আলিপুর ইউনিয়নের নাথপাড়া গ্রামের একটি বাঁশ বাগানে ককটেল ও গুলি আছে। বিষয়টি নাজমুল হোসেন রনি তাৎক্ষণিকভাবে সাতক্ষীরা উপশাখা ডিজিএফআইকে অবগত করেন। এরপর সেনাবাহিনীর গোয়েন্দা পরিচয়দানকারী মো. আবু মুসাকে আটক করা হয়।
তাকে সাতক্ষীরা সদর আর্মি ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তারই (মুসা) দেওয়া তথ্যের ভিত্তিতে রাত দুটোর দিকে আলিপুরের একটি বাঁশ বাগান থেকে ৫টি ককটেল ও ৫টি পিস্তলের গুলি উদ্ধার করা হয়। সেনাবাহিনীর গোয়েন্দা পরিচয় দানকারী আবু মুসা ও উদ্ধারকৃত আলামত সাতক্ষীরা সদর থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।