সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ শহরের একমাত্র সিএনজি গ্যাস স্টেশনে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্টেশনের বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ায় সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন সিএনজি চালক ও সাধারণ যাত্রীরা।
সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের দিয়ারবৈদ্যনাথ এলাকায় অ্যালবার্ট এনার্জি সিএনজি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটেছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সরেজমিনে গিয়ে জানা যায়, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে গভীর রাতে মুখোশ পরে ১০/১২ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে অর্তকিত হামলা চালায় গ্যাস স্টেশনে। এ সময় তারা ৩টি অ্যাডজাস্টমেন্ট মেশিন, ক্যাশ কাউন্টারসহ পাম্পের বিভিন্ন অংশে ভাংচুর চালিয়ে চলে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে একদল দুর্বৃত্ত স্টেশনে ঢুকে হামলা চালানোর পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। গ্যাস স্টেশন বর্তমানে বন্ধ থাকায় চালক ও যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। আগামী দুই দিনের মধ্যে গ্যাস স্টেশন চালুসহ দুর্বৃত্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন শ্রমিক ও স্থানীয়রা।
এ দিকে, গত দুইদিন ধরে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় শহরজুড়ে সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন দেখা গেছে। অনেক চালক বিকল্প জ্বালানির সন্ধানে বগুড়া ও শাহজাদপুরে ঘুরে বেড়াচ্ছেন। এতে ভাড়া বৃদ্ধি ও যানবাহন সংকটের আশঙ্কা করছেন যাত্রীরা। শহরের একমাত্র গ্যাস স্টেশনে এ ধরনের হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
গ্যাস স্টেশনের মেশিন অপারেটর ইনচার্জ শামীম হোসেন জানান, দুর্বৃত্তরা গ্যাস স্টেশনে হামলার পাশাপাশি নগদ টাকা লুট করেও নিয়ে গেছে। এ সময় তারা অকথ্য ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি দেখিয়েছে।
এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা অটোরিক্সা ও সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম লিটন বলেন, গ্যাস স্টেশন বন্ধ থাকায় অটোরিক্সা, বাস, ট্রাক, মাইক্রোবাসসহ সিএনজি চালিত প্রায় সাড়ে নয় হাজার যানবাহন বন্ধ হয়ে গেছে। তাই দ্রুত গ্যাস স্টেশন মেরামত করার দাবী জানিয়েছেন তিনি।
অ্যালবার্ট এনার্জি সিএনজি ফিলিং স্টেশনের মালিক লুৎফর রহমান দিলু বলেন, ‘এই হামলায় আমার প্রায় তিন কোটি টাকার ক্ষতি হয়েছে। আমি পুলিশকে অবগত করেছি।’
প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে বলে তিনি জানিয়েছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনও পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।