ঢাকা: রাজধানীর বংশালে অভিযান ১০৫টি চোরাই বাইসাইকেলসহ চোর চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি-মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতারকৃতরা হলো- সাজু (৩৫), রাজন (২২), মো. সোহেল (৪৫), সায়াতুল্লাহ ওরফে আকাশ (৩৮), আব্দুর রহমান ভিকি (৩০) ও সীমা (৪০)।
তালেবুর রহমান বলেন, শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টায় রাজধানীর বংশাল থানাধীন কাজী আলাউদ্দিন রোড এলাকায় অভিযান চালিয়ে সাজু ও রাজন নামে দুই বাইসাইকেল চোরকে গ্রেফতার করে যৌথবাহিনী। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বংশাল থানা পুলিশ ওইদিন রাত সাড়ে ১১টায় বংশাল থানার নাজিম উদ্দিন রোড এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের সাথে জড়িত সোহেল, সায়াতুল্লাহ ওরফে আকাশ, আব্দুর রহমান ভিকি ও সীমাকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত হতে ১০১টি চোরাই বাইসাইকেল ও ৪টি বাইসাইকেলের বডি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৮ লাখ ৮ হাজার টাকা।
তিনি বলেন, গ্রেফতারকৃতরা চোরাই বাইসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে বাইসাইকেল চুরি করে ও চোরদের নিকট হতে সংগ্রহ করে বংশাল থানা এলাকায় বিক্রয় করতো।
তিনি আরও বলেন, এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বংশাল থানায় একটি মামলা করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।