কক্সবাজার: জেলার উখিয়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও যোগাযোগ সরঞ্জামসহ তিনজনকে আটক করা হয়েছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে উপজেলার বালুখালীর এক নম্বর ওয়ার্ড এলাকায় এ অভিযান চালানো হয়।
সেনাবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে একটি একে-২২ রাইফেল, রাইফেলের দুইটি ম্যাগাজিন, একটি বিদেশি পিস্তল, পিস্তলের একটি ম্যাগাজিন, একটি দেশীয় পিস্তল, পিস্তলের চার রাউন্ড গুলি, দুইটি একনলা বন্দুক, দুই রাউন্ড কার্তুজ, রাইফেলের ৮৯ রাউন্ড গুলি, দুইটি দেশীয় ধারালো অস্ত্র এবং দুইটি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, শীর্ষ সন্ত্রাসী ও মাদককারবারি ‘জুলু ডাকাত’ ওরফে জুলু প্রকাশের ছেলে আমিন, তার দেহরক্ষী জানে আলম এবং তাদের সহযোগী আরও একজন। তবে তৃতীয় ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে উখিয়া ও আশপাশের এলাকায় ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি এবং অস্ত্র প্রদর্শনের মাধ্যমে ত্রাস সৃষ্টি করে আসছিলেন। তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে বলে জানানো হয়েছে।
সেনাবাহিনী জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য রাতেই উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।