কুষ্টিয়া: জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযানে প্রায় ৪৭ লাখ ১৫ হাজার ৪০০ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানির পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে ‘৪৭ বিজিবি’।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীনস্থ বিভিন্ন বিওপি দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ১৭ ও ১৮ ফেব্রুয়ারি পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় এসব মাদকদ্রব্য ও পণ্য উদ্ধার করা হয়।
জব্দ করা মাদকদ্রব্য ও পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় হেরোইন ০.২৩০ কেজি, মদ ২৫ বোতল, সিলডেনাফিল ট্যাবলেট ৯৮৪ পিস, পাতার বিড়ি ৬২০ প্যাকেট, চকোলেট বাজি ১৫ হাজার ৪৮০ পিস, ডেক্সামেথাসন ও সাইপ্রোহেপ্টাডিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট ছয় হাজার ৬০০ পিস এবং সিটি গোল্ড চেইন ২১৬ পিস। জব্দ হওয়া জিনিসের সর্বমোট আনুমানিক সিজার মূল্য ৪৭,১৫,৪০০ টাকা।
বিজিবি জানায়, জব্দ হওয়া অন্যান্য চোরাচালানির পণ্য বিধি মোতাবেক সংশ্লিষ্ট কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রস্তুতি চলছে। এ ছাড়া উদ্ধারকৃত মাদকদ্রব্য নষ্ট করার লক্ষ্যে সংরক্ষণ করা হয়েছে ব্যাটালিয়নের সিজার স্টোরে।