কক্সবাজার: কক্সবাজারের সেন্ট মার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় পৃথক দুই অভিযানে মিয়ানমারে পাচারের সময় ১৬০০ বস্তা সিমেন্টসহ ১৮ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড (বিসিজি)। এ সময় পাচারকাজে ব্যবহৃত দুইটি মাছ ধরার নৌকাও জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে কোস্ট গার্ড ‘অপারেশন সমুদ্র প্রহরা’য় নিয়োজিত জাহাজ কামরুজ্জামান নিয়ে সেন্ট মার্টিনের ছেঁড়াদ্বীপের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক একটি মাছ ধরার নৌকায় তল্লাশি চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের এক হাজার বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়। একইসঙ্গে পাচারকাজে ব্যবহৃত নৌকাসহ ১০ জনকে আটক করা হয়। একই রাতে ৩টার দিকে ‘অপারেশন কোরাল দ্বীপ’-এ নিয়োজিত জাহাজ অপূর্ব নিয়ে বাংলা ছেঁড়াদ্বীপের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় আরেকটি বিশেষ অভিযান চালানো হয়। এ অভিযানে আরও একটি মাছ ধরার নৌকায় তল্লাশি করে প্রায় তিন লাখ টাকা মূল্যের ৬০০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। এ সময় পাচারের অভিযোগে আটজনকে আটক করা হয়।
তিনি আরও জানান, সবমিলিয়ে দুই অভিযানে মোট ১৬০০ বস্তা সিমেন্ট, দুইটি মাছ ধরার নৌকা এবং ১৮ জন পাচারকারীকে আটক করা হয়েছে। জব্দ করা সিমেন্ট, নৌকা ও আটক হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সমুদ্রপথে পাচার ও চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।