Friday 27 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শরীয়তপুরে ঢাকা পোস্টের সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০৮

হাসপাতালে আহত সাংবাদিক নয়ন।

শরীয়তপুর: জেলার গোসাইরহাটে পেশাগত দায়িত্ব পালনে বের হয়ে হামলার শিকার হয়েছেন অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি নয়ন দাস (২৯)।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে গুরুতর আহত অবস্থায় তাকে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

স্থানীয়, ভুক্তভোগী ও পুলিশ সূত্র জানায়, সম্প্রতি উপজেলার নাগেরপাড়া এলাকায় এক মাদক কারবারিকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। এ বিষয়ে প্রতিবেদনের উদ্দেশ্যে নাগেরপাড়া গিয়েছিলেন ঢাকা পোস্টের সাংবাদিক নয়ন দাস, যুগান্তরের স্থানীয় প্রতিনিধি শাহেদ আহম্মেদ বাবু, দেশ প্রতিদিনের সাংবাদিক আলম সরদার ও স্থানীয় সাংবাদিক হাসান শিকদার। এ সময় স্থানীয়রা জানায়, পাশের উত্তর মলংচড়া এলাকায় মাদক ব্যবসার পাশাপাশি একটি জুয়ার আসরও বসে। পরে সেখানে গিয়ে কিছু ছবি ও ভিডিও মুঠোফোনে ধারণ করে ওই তিন সাংবাদিক। বিষয়টি জানতে পেরে ক্ষিপ্ত হয় মাদক ব্যবসায়ী ও জুয়ার আসর পরিচালনাকারী মনির জমাদার ও তার লোকজন। এরপর, গতকাল বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে পেশাগত কাজে শরীয়তপুর শহরের উদ্দেশে বের হলে নাগেরপাড়া বাজারে নয়ন দাসের মোটরসাইকেল থামিয়ে তার ওপর হামলা চালায় মনির জমাদার, সাইদুল আকন, নজরুল কাজী, লিখন কাজী ও তাদের সহযোগীরা। হামলা করে পালিয়ে যায় হামলাকারীরা। স্থানীয়রা আহত নয়নকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেয় এবং রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে শুক্রবার সকালে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করে পরিবারের লোকজন।

বিজ্ঞাপন

এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন গণমাধ্যমকর্মীরা।

আহত সাংবাদিক নয়ন বলেন, ‘স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে মাদক ব্যবসার স্থান ও জুয়ার আসরের আস্তানার ছবি তুলে নিয়ে আসি। বিষয়টি জানতে পেরে ক্ষিপ্ত হয়েছিল মাদক ব্যবসায়ী ও জুয়াড়িরা। পরে গতকাল পেশাগত কাজে বের হলে তারা পথিমধ্যে আমাকে আটকে রেখে মারধর করে। একজন সাংবাদিককে তার পেশাগত কাজে বাধা দেওয়া ও হামলা চালানো হয়েছে, যা রাষ্ট্রের জন্য অশনিসংকেত। আমি এই ঘটনার বিচার চাই।’

শরীয়তপুর ইলেকট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্য সচিব নুরুল আমিন রবিন বলেন, ‘পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একজন সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়, উদ্বেগজনক এবং গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। সাংবাদিকরা সমাজের অন্যায়, অনিয়ম, দুর্নীতি, মাদক ও অপরাধের চিত্র জাতির সামনে তুলে ধরে। সেই দায়িত্ব পালন করতে গিয়ে যদি সাংবাদিকদের ওপর হামলা হয়, তবে তা শুধু একজন সাংবাদিকের ওপর হামলা নয়, এটি সত্য ও ন্যায়ের কণ্ঠরোধের অপচেষ্টা। এই কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতার এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।’

আরেক স্থানীয় সাংবাদিক হাসান শিকদার বলেন, ‘আমরা সমাজ ও রাষ্ট্রের জন্য কাজ করি। মানুষের সমস্যা এবং অভিযোগ তুলে ধরি। সেই পেশাগত কাজে গিয়ে আজ আমার সহকর্মী হামলার শিকার হয়েছে। আমরা চাই প্রশাসন যেন দ্রুত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে।’

এদিকে, অভিযুক্তরা পলাতক থাকায় এ বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান মিঞা বলেন, ‘নয়ন দাস নামের এক রোগীকে আঘাতজনিত কারণে এখানে নিয়ে আসা হয়েছিল। তার কাঁধ, মাথা ও বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। আমরা তাকে চিকিৎসার জন্য ভর্তি করেছি।’

এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) শামসুল আরেফীন বলেন, ‘আমরা খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। তবে হামলাকারীরা পালিয়ে যায়। ভুক্তভোগী বা তার পরিবার থানায় লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর