Friday 27 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চগড়ে কলেজ অধ্যক্ষের বাড়িতে ব্যাপক ডাকাতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৬ ২০:১৪

ডাকাতি হওয়া কলেজ অধ্যক্ষের বাড়ি।

পঞ্চগড়: পঞ্চগড়ের মফিজার রহমান কলেজের অধ্যক্ষ নুরুল্লাহ্ ওমরাহ্ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থান করছিলেন। এমন সময় তার বাড়িতে ব্যাপক আকারে ডাকাতির ঘটনা ঘটেছে। লুট হয়েছে প্রায় আট ভরি স্বর্ণালংকার ও আনুমানিক পাঁচ লাখ টাকা।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের যুগিভিটা এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

অধ্যক্ষ নুরুল্লাহ্’র পরিবার সূত্রে জানা যায়, নুরুল্লাহ্ ও তার মা ওমরাহ পালনে সৌদি আরবে থাকায় বাড়িতে ছিলেন কেবল তার স্ত্রী, দুই শিশুসন্তান ও শ্বাশুড়ি। গভীর রাতে ছয়জন মুখোশধারী দুর্বৃত্ত বাড়ির পেছনের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে।

বিজ্ঞাপন

ভুক্তভোগীরা জানায়, ডাকাতদের হাতে ধারালো অস্ত্র ছিল। তারা তাদের (ভুক্তভোগী) মুখ চেপে গলায় ছুরি ধরে ভয় দেখিয়ে আলমারির চাবি ও নগদ টাকার অবস্থান জানতে চায়। একপর্যায়ে ঘরের আলমারি, ড্রয়ার ও অন্যান্য আসবাবপত্র তছনছ করে প্রায় আট ভরি স্বর্ণালংকার এবং পাঁচ লাখ টাকার মতো নগদ অর্থ লুট করে নেয়।

ঘটনার পর স্থানীয়রা এসে পুলিশে খবর দেয়। রাতেই পঞ্চগড় সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

অধ্যক্ষের স্ত্রী জেদনি আক্তার বলেন, ‘ঘুমের মধ্যেই বুঝতে পারি কেউ মুখ চেপে ধরেছে। কোনোমতে মুখ থেকে হাতটা সরিয়ে দেখি, বাচ্চাদের গলায় ছুরি ধরে আছে কয়েকজন মুখোশধারী। তারা ছুরি দেখিয়ে চুপ থাকতে বলে। সন্তানদের সামনে ভয় দেখিয়ে তারা স্বর্ণ ও টাকা নিয়ে যায়।’

অধ্যক্ষের ভাই মাহমুদ উল্লাহ্ বলেন, ‘আমি পঞ্চগড় শহরে থাকি। রাত আড়াইটার দিকে খবর পাই। তাৎক্ষণিক এসে দেখি বাড়ির সব কিছু এলোমেলো হয়ে আছে।’

প্রতিবেশী সানাউল্লাহ্ বলেন, ‘ডাকাতির পর ভাবি (অধ্যক্ষের স্ত্রী) আমাকে ফোন করে দ্রুত যেতে বলেন। গিয়ে পরিস্থিতি দেখে ৯৯৯ নম্বরে ফোন দেই। পরে পুলিশ আসে।’

পঞ্চগড় সদর থানার উপপরিদর্শক (এসআই) মানিক চন্দ্র রায় বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। অপরাধীদের শনাক্তে তদন্ত চলছে।’

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর