চট্টগ্রাম: জেলার সীতাকুণ্ড উপজেলার সলিমপুর জলিল গেইট সিডিএ এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল জব্দ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
সোমবার (৩০ মার্চ) বিকেলে পরিচালিত এই অভিযানে তিনটি বড় ট্যাংকারে এই বিপুল পরিমাণ তেলের মজুত খুঁজে পায়। এছাড়াও কিছু ড্রামেও তেল পাওয়া গেছে।
সূত্র জানায়, গোয়েন্দা সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে যৌথভাবে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় চট্টগ্রাম জেলা প্রশাসন, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি), র্যাব, গোয়েন্দা সংস্থা ও পুলিশের সদস্যরা যৌথভাবে অংশ নেন।
অভিযানে গিয়ে চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘এ ঘটনায় যারা জড়িত তাদের খুঁজে বের করা হবে এবং তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করা হবে।’
অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে অবৈধভাবে মজুত করা তিনটি তেলের ট্যাংকারে সংরক্ষিত ডিজেল উদ্ধার করা হলেও কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
জেলা প্রশাসক বলেন, ‘জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখা, সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা এবং অবৈধ মজুত প্রতিরোধে জেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। বর্তমানে তেল ডিপো, পেট্রলপাম্প ও সংশ্লিষ্ট কারবারিদের ওপর নজরদারি জোরদার করা হয়েছে।’ এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।