Monday 30 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাষ্ট্রপতি-সেনাপ্রধান-আইজিপির নামে ভুয়া ফেসবুক খুলে প্রতারণা করা হতো: ডিবি সাইবার

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২৬ ২২:৩১

ঢাকা: রাষ্ট্রপতি, সেনাপ্রধান, আইজিপি ও চিকিৎসকসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া আইডি খুলে এআই এর মাধ্যমে তাদের ছবি তৈরি করে রিয়েল অ্যাকাউন্ট হিসেবে তুলে ধরত। তারপর সেই আইডি থেকে লোকজনের কাছে টাকা চাওয়া হতো।

সোমবার (৩০ মার্চ) রাতে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার (ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম) মো. তরিকুল ইসলাম এসব কথা বলেন।

তিনি বলেন, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র দীর্ঘদিন ধরে ফেসবুকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও কর্মকর্তাদের নাম ছবি ব্যবহার করে ভুয়া আইডি তৈরি করে বিভ্রান্তিকর পোস্ট দিয়ে সাধারণ মানুষকে প্রতারিত করে আসছিল।

বিজ্ঞাপন

ওই তথ্যের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় আজ সোমবার (৩০ মার্চ) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর পিজি হাসপাতালের ক্যান্সার ভবনের সামনে ডিবির একটি টিম অভিযান চালিয়ে মো. রিপনকে (২৩) গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

তরিকুল ইসলাম বলেন, উদ্ধারকৃত মোবাইল ফোন বিশ্লেষণ করে “Doctor. Ayesha Khatun”নামের একটি ভুয়া ফেসবুক আইডি লগইন অবস্থায় পাওয়া যায়। এই আইডি দিয়ে আইজিপিসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর পোস্ট দিয়ে প্রতারণা করা হচ্ছিল। গ্রেফতার রিপন তার সহযোগীদের সহায়তায় দীর্ঘদিন ধরে এই প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি কারা জানতে চাইলে তিনি বলেন, রাষ্ট্রপতি, সেনাপ্রধান, আইজিপি ও চিকিৎসকসহ এরকম আরও ব্যক্তিদের ছবি পোস্ট করে ফেসবুক আইডি অরিজিনাল বুঝানো হতো। এআই এর মাধ্যমে তাদের ভালো ভালো ছবি তৈরি করা হতো, যা দেখে সাধারণ মানুষের বুঝার উপায় নাই যে এটা ভুয়া আইডি।

এসব আইডির মাধ্যমে কারো থেকে টাকা নিয়েছে এমন ভুক্তভোগী পাওয়া গেছে কি-না প্রশ্নে ডিবির এই কর্মকর্তা বলেন, ওই যুবককে আজ বিকেলে গ্রেফতার করেছি। তাকে আদালতে তুলে রিমান্ডে এনে আমরা জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করব। এছাড়া, তার সঙ্গে আরও কেউ আছে কি-না জানার চেষ্টা করা হবে। তার কাছ থেকে আরও তথ্য বের করার জন্য আমাদের সময়ের প্রয়োজন।

সারাবাংলা/এমএইচ/এসএস