কক্সবাজার: কক্সবাজারের রামু উপজেলায় অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগে ২৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে উপজেলা প্রশাসন। অভিযানে মাটি কাটায় ব্যবহৃত একটি এক্সেভেটর ও একটি ডাম্পার ট্রাক জব্দ করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) সকালে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা এলাকার লামারপাড়ার ঘোনারপাড়া ও স্কুলপাড়া এলাকায় পৃথক দু’টি স্থানে অভিযান পরিচালনা করা হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, স্থানীয়দের অভিযোগ এবং জাতীয় পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও কক্সবাজার পরিবেশ অধিদফতরের যৌথ উদ্যোগে এ অভিযান চালানো হয়।
অভিযানকালে সরকারি অনুমোদন ছাড়াই পাহাড়ের উপরিভাগের অন্তত ৮-৯টি স্থানে কাটা হয়েছে বলে প্রমাণ পাওয়া যায়। এসব স্থান থেকে প্রায় ৯০ হাজার ঘনফুট মাটি কেটে বিক্রি করা হয়েছে বলে নিশ্চিত করেছে প্রশাসন।
রামু উপজেলার নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বানী চৌধুরী বলেন, ‘অবৈধভাবে পাহাড় কাটার সত্যতা পাওয়ায় অজ্ঞাতনামা ১২ জনসহ মোট ২৩ জনকে আসামি করে রামু থানায় মামলা দায়ের করা হয়েছে।’
তিনি আরও জানান, পরিবেশবিধি লঙ্ঘন করে পাহাড় কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।