Tuesday 31 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাটগ্রামে খাবারে চেতনানাশক মিশিয়ে ৯ জনকে অচেতন করে চুরি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২৬ ১৯:১৬

চিকিৎসাধীন থাকা ওই পরিবারের এক ক্ষুদে সদস্য।

‎​লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে খাবারের সাথে চেতনানাশক মিশিয়ে একই পরিবারের ৯ জন সদস্যকে অচেতন করে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

‎‎সোমবার (৩০ মার্চ) দিবাগত রাতে উপজেলার বুড়িমারী ইউনিয়নের গুড়িয়াটারী এলাকায় এই ঘটনা ঘটে। বর্তমানে ভুক্তভোগীরা পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

‎ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে পরিবারের সদস্যরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। ধারণা করা হচ্ছে, দুষ্কৃতিকারীরা কৌশলে আগেই খাবারের সাথে বা পানির সাথে উচ্চমাত্রার চেতনানাশক মিশিয়ে দিয়েছিল। পরে গভীর রাতে পরিবারের সবাই অচেতন হয়ে পড়লে চোর চক্রটি ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা আলমারি ও ড্রয়ার ভেঙে নগদ টাকা, স্বর্ণালঙ্কার এবং মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

বিজ্ঞাপন

এরপর, মঙ্গলবার (৩১ মার্চ) সকালে প্রতিবেশীরা দীর্ঘক্ষণ ওই বাড়ির কারও সাড়া না পেয়ে ভেতরে গিয়ে সবাইকে অচেতন অবস্থায় দেখতে পায়। এ সময় স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

‎​হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসাধীন ৯ জনের মধ্যে কয়েকজনের অবস্থা প্রথমে সংকটাপন্ন থাকলেও বর্তমানে তারা আশঙ্কামুক্ত। তবে তারা এখনও পুরোপুরি স্বাভাবিক হতে পারেনি।

‎পাটগ্রাম থানা পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরিকৃত মালামাল উদ্ধার এবং এই চক্রটিকে শনাক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সীমান্তবর্তী এলাকায় এ ধরনের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা পুলিশ প্রশাসনকে টহল জোরদার করার দাবি জানিয়েছে।