পাবনা: পাবনার সাঁথিয়া উপজেলায় আফসার সরদার (৪৫) নামে এক দিনমজুরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১ এপ্রিল) মধ্যরাতে উপজেলার গৌরিগ্রাম ইউনিয়নের ঘুঘুদহ পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আফসার সরদার ওই গ্রামের কাজি সরদারের ছেলে।
স্থানীয়রা জানান, মধ্যরাতে আফসার সরদারের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে তাকে হাত-পা বাঁধা ও শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্নসহ গুরুতর আহত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইনচার্জ) বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ববিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। এ ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে এবং এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’