ঢাকা: যশোরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ অভিযানে ৬ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ডায়মন্ড ও বিভিন্ন বিদেশি মুদ্রাসহ সুজাউদ্দিন (৫২) নামে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধায় বিজিবির সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, ‘আজ গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) যশোর-ঝিকরগাছা মহাসড়কে নতুনহাট সংলগ্ন পাকা রাস্তায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বিজিবি সদস্যরা বর্ণিত স্থান থেকে ৬ কোটি ৬১ লাখ ৩৯ হাজার ৫৯০ টাকা মূল্যের ১৫৫.৭৬ গ্রাম ওজনের ডায়মন্ডসহ একজন ভারতীয় নাগরিককে আটক করে।‘
তিনি আরও বলেন, ‘আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি ভারতের তামিলনাড়ুর অধিবাসী আবু বক্করের ছেলে সুজাউদ্দিন (৫২)। তিনি ঢাকা হতে চোরাকারবারিদের নিকট হতে ডায়মন্ডগুলো সংগ্রহ করে বেনাপোল দিয়ে পাচার করে ভারতের কলকাতায় অজ্ঞাত ব্যক্তির নিকট হস্তান্তরের উদ্দেশ্যে সেগুলো নিয়ে যাচ্ছিলেন। তিনি গত এক মাসে থাইল্যান্ড, মালয়েশিয়া, বাংলাদেশ ও ভারতে একাধিকবার যাতায়াত করেছেন।’
লেফটেন্যান্ট কর্নেল সাইফুল আলম খান বলেন, ‘উদ্ধারকৃত ডায়মন্ডসমূহ পুলিশের উপস্থিতিতে যশোরের ‘ডায়মন্ড ওয়ার্ল্ড’ প্রতিনিধি দ্বারা পরীক্ষা করে প্রাথমিকভাবে আসল ডায়মন্ড হিসেবে শনাক্ত করা হয়েছে। আটককৃত ভারতীয় নাগরিকের কাছ থেকে ডায়মন্ড ছাড়াও বাংলাদেশি নগদ ৫ হাজার ৫৩০ টাকা, ৫ হাজার ৮৮০ ভারতীয় রুপি, ৫৫০ ইউএস ডলার, ২০০ থাই বাথ, একটি মোবাইলফোন ও একটি ডিজিটাল ঘড়ি জব্দ করা হয়। আটককৃত ভারতীয় নাগরিকের বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে এবং জব্দকৃত ডায়মন্ড ও বৈদেশিক মুদ্রা যশোর ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।’
এ ছাড়াও তিনি বলেন, ‘বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালকের চোরাচালানের বিরুদ্ধে ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে সীমান্ত দিয়ে মাদক, স্বর্ণ, ডায়মন্ডসহ সকল প্রকার চোরাচালান রোধে যশোর ব্যাটালিয়ন সর্বদা তৎপর রয়েছে। এরই ধারাবাহিকতায় বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে সর্বদা দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।’