ঢাকা: রাজধানীর মতিঝিল থেকে মানবপাচার চক্রের সঙ্গে জড়িত ৪ রোহিঙ্গাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম।
শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া) আরিফা আখতার প্রীতি এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতাররা হলো- মো. ফেরদৌস, নুরু বিবি দূর আক্তার (১৯), উম্মে কুলসুম (২০) ও আইনের সঙ্গে সংঘাতে জড়িত এক শিশু।
সহকারী পুলিশ কমিশনার বলেন, বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর ২টায় গোপন সংবাদের ভিত্তিতে মতিঝিলের একটি হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিবি-সাইবার এন্ড স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগ। এ সময় তাদের থেকে মানব পাচার কাজে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন ও দুইটি ভিসার প্রিন্ট কপি উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মতিঝিল থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।
তিনি বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মানব পাচার কাজে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।