Sunday 05 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিএমপির উচ্ছেদ অভিযান
পঞ্চম দিনে ৩ লাখ ৩৩ হাজার টাকা জরিমানা, ৯ জনকে কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২৬ ২০:৩৯

ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উচ্ছেদ অভিযানের পঞ্চম দিনে ৩ লাখ ৩৩ হাজার টাকা জরিমানা ও ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (৫ এপ্রিল) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে ফুটপাত ও সড়কের অবৈধ দখল উচ্ছেদ, জরিমানা আদায়, মালামাল জব্দ এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

ট্রাফিক লালবাগ বিভাগ জানিয়েছে, কোতয়ালী ট্রাফিক জোনের নর্থ সাউথ রোড,বংশাল ও নয়াবাজার এলাকায় পরিচালিত অভিযানে আইন অমান্য করায় কয়েকটি প্রতিষ্ঠান ও একজনকে ১৭ হাজার টাকা জরিমানা ও ৩ জনকে গ্রেফতার করা হয় এবং সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী মামলা দায়েরসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়। গ্রেফতার ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন

ট্রাফিক ওয়ারী বিভাগ জানায়, যাত্রাবাড়ী জোনে জুরাইন ও শ্যামপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় রাস্তার পাশে অবৈধভাবে স্থাপিত দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়। আইন অমান্য করায় ১১ জন ব্যবসায়ীকে মোট ৪৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয় এবং অন্যদের সতর্ক করা হয়।

ট্রাফিক রমনা বিভাগ জানায়, নিউমার্কেট ক্রসিং থেকে ঢাকা কলেজ পর্যন্ত ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করা হয়। এতে অবৈধভাবে পার্কিং করা বাইকের বিরুদ্ধে ৫২টি ভিডিও মামলা ও ১৫ টি তাৎক্ষণিক মামলা দেওয়া হয়। পাশাপাশি মোবাইল কোর্টের মাধ্যমে ৮২ হাজার টাকা জরিমানা করা হয়।

ট্রাফিক মিরপুর বিভাগ জানিয়েছে, শাহআলী এলাকায় পরিচালিত অভিযানে ১৭ টি দোকান ৮০ হাজার টাকা জরিমানা এবং অন্যদের সতর্ক করা হয়।

ট্রাফিক মতিঝিল বিভাগ জানায়, মালিবাগ রেলগেট থেকে রামপুরা ব্রীজ পর্যন্ত সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালিত হয়। এ অভিযানে একজনকে গ্রেফতার ও বিভিন্ন দোকানে মোট ৬৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং অন্যদের সতর্ক করা হয়।

ট্রাফিক তেজগাঁও বিভাগ জানিয়েছে, আগারগাঁও আইডিবি ভবন ও নির্বাচন ভবন সংলগ্ন এলাকায় অবৈধভাবে দখল করা ফুটপাত ও সড়ক থেকে মালামাল অপসারণে অভিযান পরিচালনা করে ০৬ টি দোকানে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

ট্রাফিক গুলশান বিভাগ থেকে জানা যায়, মহাখালী আড়ং ও গুলশাল-২ এলাকায় অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে ৪টি দোকানকে সর্বমোট ২০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

ট্রাফিক উত্তরা বিভাগ থেকে জানা যায়, অবৈধভাবে ফুটপাত দখল করে কয়েকটি দোকানে অভিযান পরিচালনা করে ৫ জনকে গ্রেফতার করা হয় এবং ৫ জনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অন্যদের সতর্ক করা হয়।

জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এবং সড়কে শৃংখলা বজায় রাখতে এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া) আরিফা আখতার প্রীতি।

সারাবাংলা/এমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর