Thursday 09 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্বশুরবাড়ি থেকে তুলে নিয়ে যুবককে হত্যা, আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৬ ১৪:৪৩ | আপডেট: ৯ এপ্রিল ২০২৬ ১৬:০২

নিহত যুবক মো. শামীম।

চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ডে পূর্ব শত্রুতার জের ধরে শ্বশুরবাড়ি থেকে তুলে নিয়ে এক যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা করেছে একদল দুস্কৃতকারী। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে।

বুধবার (৮ এপ্রিল) এ হত্যার ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মো. শামীম (৪০)। তিনি সীতাকুণ্ড পৌরসভার শিবপুর এলাকার মো. আবুল মনসুরের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল বুধবার শামীমের স্ত্রী কিছু স্বর্ণালংকার বন্ধক রেখে টাকা নিয়ে মুরাদপুর ইউনিয়নের মধ্য ভাটেরখীল এলাকায় বাবার বাড়িতে বেড়াতে যান। সন্ধ্যার পর শামীমও সেখানে (শ্বশুরবাড়ি) যান। সেখানে যাবার পর পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় দুই যুবকের নেতৃত্বে একদল দুস্কৃতকারী শ্বশুরবাড়ি থেকে শামীমকে তুলে নিয়ে মারতে মারতে বেড়িবাঁধে নিয়ে যায়।

বিজ্ঞাপন

নিহতের ভাই মো. সেলিমের দাবি, স্থানীয় ৩০ থেকে ৪০ জনের একটি অস্ত্রধারী সন্ত্রাসী দল শামীমকে তুলে নিয়ে রগ কেটে হত্যা করে এবং মরদেহ বেড়িবাঁধে ফেলে রেখে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং সন্দেহভাজন দুইজনকে আটক করে থানায় নিয়ে যায়।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইন চার্জ) মোহাম্মদ মহিনুল ইসলাম বলেন, ‘হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের স্বার্থে তাদের নাম এখন প্রকাশ করা হচ্ছে না। প্রকৃত ঘটনা উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।’

সারাবাংলা/এসএন/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর