Thursday 09 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বস্তাবন্দি খণ্ডিত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৬ ১৮:১৯ | আপডেট: ৯ এপ্রিল ২০২৬ ১৮:২৩

খণ্ডিত মরদেহ উদ্ধারের পর এলাকায় বিরাজ করছে চাঞ্চল্য। ছবি: সংগৃহীত

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নে বস্তাবন্দী অবস্থায় এক ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ কচ্ছপিয়া এলাকার মেরিন ড্রাইভসংলগ্ন হোসনী খালের একটি কালভার্টের নিচে খণ্ডিত মরদেহটি পাওয়া যায়।

পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে ওই কালভার্টের নিচে সন্দেহজনক কয়েকটি বস্তা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাগুলো খুলে দেখতে পায়, সেগুলোর ভেতরে অজ্ঞাত এক ব্যক্তির শরীরের খণ্ডিত অংশ রাখা হয়েছে। মোট ছয়টি বস্তায় বিভিন্ন স্থানে এসব দেহাংশ পাওয়া যায়।

বিজ্ঞাপন

এমন নৃশংস ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়েছে। দ্রুত জড়িতদের গ্রেফতার ও ঘটনার রহস্য উদ্‌ঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) দুর্জয় বিশ্বাস বলেছেন, ‘এটি একজন পুরুষমানুষের মরদেহ। খণ্ডিত অংশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি। নিহত ব্যক্তির পরিচয়ও শনাক্ত করা যায়নি।’

এ পুলিশ কর্মকর্তা দাবি করেন, ‘অজ্ঞাত দুর্বৃত্তরা হত্যার পর মরদেহ টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে রেখে যায়, যাতে পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।’

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইন চার্জ) সাইফুল ইসলাম বলেছেন, ‘খণ্ডিত মরদেহের পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর