পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তালিকাভুক্ত চোর রাসেল ইসলামকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক পুলিশ সদস্য। অভিযানে ঘেরাওয়ের মুখে পড়ে ওই পুলিশ সদস্যের মাথা ফাটিয়ে দিয়ে কৌশলে পালিয়ে যান দুর্ধর্ষ আসামি।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার শালবাহান ইউনিয়নের হাগুড়াগছ গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া মডেল থানার উপপরিদর্শক বদিউজ্জামানের নেতৃত্বে ১০ জনের একটি দল আসামি রাসেলের বাড়ি ঘেরাও করে। এ সময় রাসেল ওই পুলিশ সদস্যের ওপর হামলা করে পালিয়ে যান। পরে আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাহফুজা মুনির পূর্বা জানান, আহত পুলিশ সদস্যের মাথায় চারটি সেলাই দেওয়া হয়েছে।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইন চার্জ) মো. রাশেদুল ইসলাম বলেন, ‘রাসেল একজন চিহ্নিত অপরাধী এবং তার নামে একাধিক মামলা রয়েছে। রাসেলকে ধরতে পুলিশের একটি টিম তার বাড়ি ঘেরাও করে। বাড়ির বিভিন্ন কক্ষের সামনে পুলিশ ধরার জন্য দাঁড়িয়ে থাকলে হঠাৎ একটি রুম থেকে দরজা খুলে বের হয়ে রড দিয়ে পুলিশ সদস্যকে আঘাত করে পালিয়ে যান তিনি।’