Thursday 09 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ২ বছরের শিশুকে হত্যা, বাবা-দাদি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৬ ২১:৪০

চট্টগ্রামে ২ বছরের শিশুকে হত্যার অভিযোগে বাবা ও দাদি গ্রেফতার। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় পারিবারিক কলহের জেরে দুই বছর বয়সী এক শিশুকে হত্যার অভিযোগে তার বাবা ও দাদিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৮ এপ্রিল) দিবাগত রাতে নগরের বৌ বাজার এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার দু’জন হলেন—নিহত শিশু আশরাফ বিন সামিরের বাবা মো. সজীব (২২) ও দাদি নূর নাহার বেগম (৪০)।

পুলিশ জানায়, গত ৭ এপ্রিল রাতে দক্ষিণ বাকলিয়ার বৌ বাজার এলাকায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে শিশুটির মা শারমিন আক্তারের সঙ্গে তার স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের ঝগড়া হয়। এক পর্যায়ে সজীব তার স্ত্রীকে মারধর করেন।

এ সময় শিশুটি মায়ের কাছে গেলে সজীব তাকে ছিনিয়ে নিয়ে আঘাত করেন। শিশুটিকে ঘরের দেয়ালে ছুড়ে মারলে সে গুরুতর আহত হয়। পরে তার খিঁচুনি শুরু হয়। মা শারমিন সন্তানকে হাসপাতালে নেওয়ার কথা বললে অভিযুক্তরা তাকে আরও মারধর করেন। এতে তিনি অজ্ঞান হয়ে পড়েন।

বিজ্ঞাপন

পুলিশ আরও জানায়, ঘটনাটিকে অসুস্থতাজনিত মৃত্যু হিসেবে দেখিয়ে রাতেই দাফন সম্পন্ন করা হয়। পরদিন জ্ঞান ফেরার পর শিশুটির মা স্বামী, শাশুড়ি ও শ্বশুরকে অভিযুক্ত করে বাকলিয়া থানায় মামলা করেন।

বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে সজীব ও নূর নাহার বেগমকে গ্রেফতার করা হয়। তাদের আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

সারাবাংলা/এসএন/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর