Monday 25 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাঙ্গুনিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর ও লুটপাট

স্টাফ করেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২৬ ১৮:০৭ | আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ২১:১৬

মন্দিরে ভাঙচুর ও লুটপাটের পরের চিত্র।

চট্টগ্রাম: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের বুড়ির দোকান সংলগ্ন মা মগদ্বেশ্বরী মন্দিরে প্রতিমা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিবাগত রাতে সংঘবদ্ধ দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়।

সনাতনী সম্প্রদায়ের নেতারা জানান, গভীর রাতে দুর্বৃত্তরা মন্দিরে প্রবেশ করে মা মগদ্বেশ্বরীর বিগ্রহের (প্রতিমা) হাত-পা ও জিহ্বা ভাঙচুর করে। এ সময় প্রতিমার গায়ে থাকা স্বর্ণালঙ্কার ও কাপড় লুট করে নিয়ে যায় তারা। এ ছাড়া, মন্দিরের বাইরের বৈদ্যুতিক মিটারের তারও কেটে ফেলে দুর্বৃত্তরা। একই সময়ে পাশের শিব মন্দিরেও তাণ্ডব চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করা হয় এবং ভেতরের ধর্মীয় ছবিগুলো পাশের বিলে ফেলে দেওয়া হয়।

বিজ্ঞাপন

শুক্রবার (১০ এপ্রিল) সকালে মন্দিরের পুরোহিত বিমল চক্রবর্তী পূজা দিতে গেলে ঘটনাটি জানাজানি হয়। পরে স্থানীয় প্রশাসন ও পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

ঘটনার নিন্দা জানিয়ে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক), পোমরা ইউনিয়নের সাধারণ সম্পাদক পল্লব কান্তি চৌধুরী বলেন, ‘রাঙ্গুনিয়ায় এর আগে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটেনি। আমরা এই ঘটনার দ্রুত তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইন চার্জ) মো. আরমান হোসেন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’