ঢাকা: বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবের উদ্যোগে ‘আইজিপি কাপ পুলিশ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৬’ এর উদ্বোধন করা হয়েছে।
রোববার (১২ এপ্রিল) অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (পুলিশ হেডকোয়ার্টার্স) ও বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবের সভাপতি মো. ছিবগাত উল্লাহ এই চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা পুলিশ সদস্যদের মানসিক উৎফুল্লতা বৃদ্ধি এবং পেশাগত দক্ষতা উন্নয়নে সহায়ক। একই সঙ্গে এটি পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবের সেক্রেটারি এবং ডিসি (মিরপুর বিভাগ) মোহাম্মদ মোস্তাক সরকার বলেন, পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি, ক্রীড়াচর্চার প্রসার এবং পারস্পরিক সৌহার্দ্য ও দলগত মনোভাব গড়ে তুলতে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এরপর প্রধান অতিথি বেলুন উড়িয়ে “আইজিপি কাপ পুলিশ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
উল্লেখ্য, এবারের প্রতিযোগিতায় সর্বমোট ২০টি দল অংশগ্রহণ করছে এবং প্রথমবারের মতো আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। উদ্বোধনী ম্যাচে পুলিশ স্টাফ কলেজ এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশের মধ্যে খেলায় পুলিশ স্টাফ কলেজ ৯ উইকেটে জয়লাভ করে টুর্নামেন্টে শুভ সূচনা করে।
উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন অতিরিক্ত আইজিপি (এসবি) সরদার নুরুল আমিন; রেক্টর, পুলিশ স্টাফ কলেজ কাজী মুহাম্মদ ফজলুল করিম; ভাইস রেক্টর এস এম আখতারুজ্জামান, ডিআইজি; ডিআইজি (একাডেমিক অ্যান্ড রিসার্চ) ড. এম এ সোবাহান; ডিআইজি মো. হুমায়ুন কবির; অধিনায়ক, ৫ম এপিবিএন মোহাম্মদ ইকবাল; অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ), গাজীপুর মেট্রোপলিটন পুলিশ মোহাম্মদ তাহেরুল হক চৌহান; এমডিএস, পুলিশ স্টাফ কলেজ নাশিয়ান ওয়াজেদ; অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্স মোহাম্মদ আনোয়ার হোসেন এবং পরিচালক (প্রশাসন ও অর্থ), পুলিশ স্টাফ কলেজ মো. সোহেল রানাসহ পুলিশ হেডকোয়ার্টার্স, ডিএমপি এবং পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।