ঢাকা: চীন থেকে অবৈধভাবে মোবাইল ও মোবাইলের পার্টস এনে শুল্ক ফাঁকি দিয়ে ঢাকার বিভিন্ন মার্কেটে বিক্রি করা চোরাচালান চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪৪২টি মোবাইল ও নগদ ৮ লাখ ৮৪ হাজার টাকা জব্দ করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) রাতে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি-মিডিয়া) এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানান।
গ্রেফতার তিন জন হলেন- শাহরিয়ার হাসান সরকার রাজা (২৬), মো. রনি মিয়া (২৪) ও শ্রী নয়ন চন্দ্র সূত্রধর (১৯)।
ডিসি নাসিরুদ্দিন বলেন, ‘রাজধানীর তুরাগ থানাধীন এলাকার একটি ভবনে অভিযান পরিচালনা করে ৪৪২টি মোবাইল ফোন, নগদ ৮ লাখ ৮৪ হাজার টাকা ও বিপুল পরিমাণ মোবাইলের যন্ত্রাংশসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবির মতিঝিল বিভাগ।’
উপ-পুলিশ কমিশনার বলেন, ‘গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ মোবাইল চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তারা চীন থেকে অবৈধভাবে মোবাইল ও মোবাইল পার্টস এনে শুল্ক ফাঁকি দিয়ে ঢাকার বিভিন্ন মার্কেটে বিক্রি করত মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।’
তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১২ এপ্রিল) রাত সাড়ে ৯টায় গোয়েন্দা মতিঝিল বিভাগ তুরাগ থানাধীন রূপায়ণ সিটি গ্র্যান্ড ব্লক-এ এর একটি ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।’
এ ঘটনায় তাদের বিরুদ্ধে তুরাগ থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।