Tuesday 12 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চোখে মরিচের গুঁড়া ছুড়ে স্বর্ণালঙ্কার ছিনতাইচেষ্টা, নারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট
১২ মে ২০২৬ ২৩:৫১

ফটিকছড়িতে চোখে মরিচের গুঁড়া ছুড়ে স্বর্ণালঙ্কার ছিনতাইচেষ্টার সময় আটক সালমা। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: জেলার ফটিকছড়িতে জুয়েলারি দোকানের দুই কর্মচারীর চোখে মরিচের গুঁড়া ছুড়ে স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের চেষ্টাকালে এক নারীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) বেলা ২টার দিকে ফটিকছড়ি থানার সামনে বিবিরহাট এলাকার টুন্টু জুয়েলার্সে এ ঘটনা ঘটে। আটক সালমা (২৮) উপজেলার ধর্মপুর ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও দোকানমালিক সূত্রে জানা যায়, সালমা দোকানে ঢুকে কিছুক্ষণ স্বর্ণালঙ্কার দেখার ভান করেন। এক পর্যায়ে তিনি সঙ্গে থাকা মরিচের গুঁড়া দোকানের দুই কর্মচারীর চোখে ছুড়ে মারেন। এতে তারা সাময়িকভাবে দিশেহারা হয়ে পড়েন।

তবে এক কর্মচারী সাহসিকতার সঙ্গে ওই নারীকে আটকে ফেলেন। এ সময় স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে গণধোলাই না দিয়ে ফটিকছড়ি থানা পুলিশের হাতে তুলে দেন।

বিজ্ঞাপন

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আলম খান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীকে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’