ঢাকা: বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে ‘শিক্ষা আইন ২০২৬’-এর খসড়া প্রকাশ করেছে সরকার।
রোববার (২ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এই খসড়াটি জনসম্মুখে প্রকাশ করে।
মন্ত্রণালয় জানিয়েছে, এই আইনের ওপর সর্বসাধারণ তাদের মূল্যবান মতামত দিতে পারবেন। আগামী ৭ ফেব্রুয়ারি বিকেল ৫টার মধ্যে [email protected] এই ঠিকানায় ই-মেইল করে মতামত পাঠাতে হবে।
নতুন এই আইনের লক্ষ্য হিসেবে নিরক্ষরতা দূরীকরণ, অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার প্রসার এবং মানসম্পন্ন শিক্ষার সমান সুযোগ অবারিত করার কথা উল্লেখ করা হয়েছে। এ ছাড়া, শিক্ষক ও শিক্ষার্থীর অধিকার ও কল্যাণ নিশ্চিত করে প্রচলিত আইনগুলোকে আরও শক্তিশালী ও আধুনিকায়ন করা এই আইনের মূল উদ্দেশ্য।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিদ্যমান শিক্ষা সংশ্লিষ্ট আইনগুলোকে আরও সমন্বিত ও কার্যকর করার জন্য এই পরিপূরক বিধান প্রণয়ন করা হয়েছে। জীবনব্যাপী শিক্ষার সুযোগ সৃষ্টি এবং আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশের শিক্ষাব্যবস্থাকে গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।