জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং ইসলামিক স্টাডিজ এর শিক্ষার্থীদের মধ্যে এ সংঘর্ষে শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ ধূপখোলায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আহতদের পুরাতন ঢাকার ন্যাশনাল মেডিকেলে নেওয়া হয়েছে। আহতরা ক্যাম্পাস সাংবাদিকরা হলেন- আমার দেশের লিমন ইসলাম, ডেইলি স্টারের রাকিবুল ইসলাম, দেশ রূপান্তরের ফাতেমা আলী, আজকের পত্রিকার সোহান ফরাজী , দিনকালের শিহাব, বার্তা২৪-এর সোহানুর রহমান সুবেল, কালবেলার তৌসিন, নাইম, রাকিব, মাজহার।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোহাম্মদ সালেহ উদ্দীন, ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক মোহাম্মদ খাইরুল ইসলাম ও নাজমুস সাকিব। আরোও আহত শিক্ষার্থীদের নাম ও বিভাগ জানা যায়নি।
জানা গেছে, বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ ধূপখোলায় আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে অংশ নেয় ইসলামিক স্টাডিজ বিভাগ ও সাংবাদিকতা বিভাগ। খেলার নির্ধারিত সময় শেষ হওয়ার পর টাইব্রেকার চলাকালে দু’পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে সংঘাতে রূপ নেয়। পরে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই বিভাগের শিক্ষার্থীরা। এতে ঘটনাস্থলে উপস্থিত শিক্ষক ও সাংবাদিকরা আহত হন।
প্রত্যক্ষদর্শী লোকপ্রশাসন বিভাগের নবীন শিক্ষার্থী প্রতিক মণ্ডল জানান, ইসলামিক স্টাডিজ বিভাগ টাইব্রেকারে জিতে যাওয়ার পর হঠাৎ করে ওই বিভাগের কয়েকজন শিক্ষার্থী ও খেলোয়াড় উগ্রভাবে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের দিকে তেড়ে যায়। এ সময় এক শিক্ষিকার গায়ে ধাক্কা দেন তারা। ধাক্কা লাগাকে কেন্দ্র করে কথা-কাটাকাটি শুরু হয়, এরপর হাতাহাতিতে রূপ নেয়। এরই ধারাবাহিকতায় পরবর্তীতে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত ঘটে।
এ বিষয়ে জবি প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, ‘বিষয়টি আমাদের সামনেই হয়েছে। আমরা এ বিষয়ে মিটিং করছি। এর সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’