ঢাকা: মো. মুনায়েম ইসলাম। বাড়ি লালমনিরহাট। ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগে মেধা তালিকায় স্থান অর্জন করেন। মেধা ও পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জন করলেও আর্থিক সংকটের কারণে তার ভর্তি নিয়ে সংশয় দেখা দেয়। পারিবারিক সীমিত আয়ের কারণে ভর্তি ফি ও অন্যান্য ব্যয় বহন করা কঠিন হয়ে পড়ে।
বিষয়টি জানতে পেরে এগিয়ে আসেন ছাত্রদল নেতা কাজী জিয়া উদ্দিন বাসিত। মানবিক উদ্যোগের অংশ হিসেবে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের এই সহ-সভাপতি মুনায়েমের দায়িত্ব নেন এবং ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে সহায়তা করেন। মেধাবী এই শিক্ষার্থীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়-এ উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্ন বাস্তবে রূপ নেয়। আর্থিক সীমাবদ্ধতার কারণে যেখানে ভর্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, সেখানে মানবিক সহায়তায় আশার নতুন আলো দেখছেন মুনায়েম।
সোমবার (২৩ ফেব্রুয়ার) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদল নেতা আমিরুল ইসলাম বাবু, মো. রাসেল মিয়া, মিনহাজুল আলম, ইয়াসির আরাফাত, সোলাইমান খান সাগর ও ইমরান হোসেনের উপস্থিতিতে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হয়। ভর্তি হওয়ার পর মুনায়েম কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘উচ্চশিক্ষার দ্বার উন্মুক্ত করে দেওয়ার এই সহযোগিতা আমার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
তিনি আরও বলেন, ‘সহযোগিতা না পেলে আমার পক্ষে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া সম্ভব হতো না। ভবিষ্যতে ভালোভাবে পড়াশোনা শেষ করে সুপ্রতিষ্ঠিত হয়ে মানবিক সেবার মাধ্যমে এই সহায়তার প্রতিদান দিতে চাই আমি।’
শিক্ষাক্ষেত্রে এমন মানবিক উদ্যোগ মেধাবী শিক্ষার্থীদের স্বপ্নপূরণে অনুপ্রেরণা হিসেবে কাজ করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আর্থিক প্রতিবন্ধকতা যেন কোনো মেধাবীর উচ্চশিক্ষার পথে বাধা হয়ে না দাঁড়ায়— এমন প্রত্যাশাই সবার।