Tuesday 07 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাকৃবির মাওলানা ভাসানী হলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান


৭ এপ্রিল ২০২৬ ১২:২১

বাকৃবির কৃতি শিক্ষার্থীদের বিশেষ সংবর্ধনা

বাকৃবি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাওলানা ভাসানী হলের সার্বিক মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের যথাযথ আবাসিক সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে ‘কেমন হল দেখতে চাই’ শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় হলের ১৪ জন কৃতি শিক্ষার্থীকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়।

সোমবার (৬ এপ্রিল) রাতে হলের ব্যাডমিন্টন কোর্ট প্রাঙ্গণে মাওলানা ভাসানী হল ছাত্রদলের উদ্যোগে ওই সভার আয়োজন করা হয়।

সভায় হলের ডাইনিং ও ক্যান্টিনের খাবারের মান উন্নয়ন, নিরাপদ সুপেয় পানির সরবরাহ নিশ্চিতকরণ এবং আধুনিক লন্ড্রি সুবিধাসহ একটি আদর্শ শিক্ষার্থীবান্ধব হল গড়ে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একইসঙ্গে জ্বালানি ও বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়া এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণকে একটি সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

বিজ্ঞাপন

মাওলানা ভাসানী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. শরীফ আর রাফির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ উদ্দিন ভূঁঞা, বাকৃবি সোনালী দলের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আহমেদ খায়রুল হাসান, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ এবং ফজলুল হক হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ তোফাজ্জল হোসেন হাওলাদার।

অনুষ্ঠানে আমন্ত্রিত শিক্ষকদের মাঝে হলের পক্ষ থেকে পরিবেশবান্ধব উপহার হিসেবে গাছের চারা বিতরণ করা হয়। এ সময় মাওলানা ভাসানী হল ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ হলের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।