রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘টুগেদার ফর হেল্থ, স্ট্যান্ড উইথ সাইন্স’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে হেলথ অ্যান্ড ফুড সেফটি অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাইড ফর অ্যাওয়ারনেস র্যালি ও জনসচেতনতা কর্মসূচি আয়োজিত হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ৭টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে প্যারিস রোড প্রদক্ষিণ করে কাজলা গেট, মেইন গেট এবং বিনোদপুর গেট হয়ে স্টেশন বাজারে পৌঁছায়। সেখান থেকে চারুকলা ও সিরাজী ভবন হয়ে শহীদ বুদ্ধিজীবী চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
র্যালি চলাকালীন সংগঠনের সদস্যরা সাধারণ শিক্ষার্থী, পথচারী ও স্থানীয় ব্যবসায়ীদের মাঝে স্বাস্থ্য সচেতনতামূলক লিফলেট বিতরণ করে। লিফলেটে বৈজ্ঞানিক তথ্য ও সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং সুস্থ জীবনযাপনের ওপর গুরুত্বারোপ করা হয়।
র্যালিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং হেলথ অ্যান্ড ফুড সেফটি অ্যাসোসিয়েশন, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার স্বেচ্ছাসেবীরা ও রাবি সাইক্লিস্টের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
এ সময় সংগঠনটির সভাপতি মো. ইশতিয়াক আহমেদ রাফি বলেন, ‘বিজ্ঞানের অগ্রযাত্রার সাথে স্বাস্থ্য সম্পর্কিত বিষয়গুলোরও অগ্রযাত্রা ধারাবাহিক থাকুক, হেলথ অ্যান্ড ফুড সেফটি অ্যাসোসিয়েশন, রাজশাহী বিশ্ববিদ্যালয় মনে করে আমাদের দৈনন্দিন জীবনে বৈজ্ঞানিক উপায়ে শারীরিক কসরতের মাধ্যমে সুস্থ জীবন যাপন সম্ভব।’
সংগঠনটির সহসভাপতি রাকিব রায়হান বলেন, ‘সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা ছড়িয়ে দিতে এবং বিজ্ঞানভিত্তিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যেই আজকের এই আয়োজন। বিশেষ করে তরুণ প্রজন্মের মাঝে সুস্বাস্থ্যের বার্তা পৌঁছে দিতে এই ‘রাইড ফর অ্যাওয়ারনেস’ কর্মসূচিটি পালন করা হয়েছে।’